ঢাবি প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১০ মার্চ , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Higher Studies in France by Campus France Bangladesh’ শীর্ষক ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সেমিনারে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশেন গভর্নেন্স ( International Centre for Ocean Governance), এক্সপারটিজ ফ্রান্স গ্রুপ এএফডি এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাচি মি. ব্যাপটিস্ট লিবার্ট ( Mr. Baptiste Lebret) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর কান্ট্রি হেড নাছিবা হোসেন ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশেন গভর্নেন্স-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারের প্রশ্নত্তোর পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থীরা প্রতিবছরই উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে যায়। এধরনের সেমিনার বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের উপকৃত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু, উভয় দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও নেটওয়ার্ক বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, প্রতিবছর শতাধিক বাংলাদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যান। ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশের নারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় ফ্রান্সের সুনাম রয়েছে। ইন্টারনেট ও অনলাইনে বিভিন্ন প্রতারক চক্রের মাধ্যমে বিভ্রান্ত না হয়ে ফ্রান্স দূতাবাস এবং স্বীকৃত প্রতিষ্ঠানের পরামর্শ ও সহযোগিতা গ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।