আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৪ মে , ২০২৫
অস্ট্রেলিয়ার ২০২৫ সালের জাতীয় নির্বাচনে দেশটির বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছে। বিরোধী রক্ষণশলী লিবারেল পার্টির নেতা পিটার ডাটন পরাজয় স্বীকার করে নিয়েছেন।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দুই দশকের মধ্যে প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্থনি আলবানিজ টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টি এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এবারের নির্বাচনের সবচেয়ে হতাশাজনক ঘটনা ছিল বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটার ডাটনের নিজ আসন ডিকসন থেকে পরাজয়।
ব্রিসবেনের এই আসনে লেবার প্রার্থী আলী ফ্রান্স প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছেন। যেখানে ডাটন ২২ বছর ধরে নির্বাচিত হয়ে আসছিলেন।
বিবিসি বলছে, নির্বাচনের ফল পেতে কয়েকদিন এমনকি সপ্তাহও লেগে যেতে পারে। তবে নির্বাচন কমিশন থেকে অনানুষ্ঠানিকভাবে রেজাল্ট দেওয়া হবে।
অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে নির্বাচনের আগাম ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, লেবার পার্টি ৫৫ দশমিক ৯৪ শতাংশ ভোটে ৪৪ শতাংশ ভোট পাওয়া লিবারেল ও ন্যাশনাল পার্টির জোটের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে।
টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে লিবারেল পার্টির নেতা পিটার ডাটন বলেছেন, “প্রচারণার সময় আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। এটা স্পষ্ট হয়েছে। এর পুরো দায় আমি গ্রহণ করছি।”
তিনি আরও জানিয়েছেন, দুই দশক ধরে ডিকসনের যে আসনটি তার অধীনে ছিল, সেখানে লেবার দলীয় যে প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছেন, সেই আলি ফ্রান্সকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি।