আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩ এপ্রিল , ২০২৫
শিগগিরই যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে ইলন মাস্ক সরে যাচ্ছেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন।
রিপাবলিকান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিন ব্যক্তির বরাত দিয়ে পলিটিকো বুধবার এ খবর দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইলন মাস্ক এখন তার ব্যবসায়িক কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি সরকারকে সহায়তার একটি ভূমিকা পালন করবেন।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মিবহর কমানো ছিল এই বিভাগের কাজ।
ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পরপর মাস্কের পরামর্শে অনেকগুলো বড় সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডি বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত দেশটিতে হইচই ফেলে দিয়েছিল।
মাস্ক ও তার বিভাগের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ছিলেন ডোনাল ট্রাম্প। সম্প্রতি দুজনই এই বিষয়ে একমত হন যে মাস্কের সরে দাঁড়ানোর সময় হয়েছে।