আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ মার্চ , ২০২৫
ইসলামি পোশাকের একটি ব্র্যান্ড মেরাচি। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন ঘিরে উত্তাপ ছড়াল ফ্রান্সে।
বিজ্ঞাপনটিতে দেখা যায়, আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো। আর ক্যাপশনে লেখা রয়েছে—‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’
যুক্তরাজ্য-ভিত্তিক সানডে টাইমস মঙ্গলবার জানিয়েছে, ফ্রান্সে স্কুল ও সরকারি অফিসগুলোতে হিজাব নিষিদ্ধ হওয়ায় মেরাচি’র বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
দেশটির জাতীয় টেলিভিশন ও রেডিওতে ভাষ্যকারেরা বিজ্ঞাপনটির কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, এটি সরকারবিরোধী স্লোগানকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার একটি কৌশল।
যদিও বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ নেই। তবে এটি ফ্রান্সের সাংস্কৃতিক ও ধর্মীয় বিভাজনকে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল র্যালি দলের নেতারা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটি আইফেল টাওয়ারের জন্য একটি অবমাননা। ইসলামিক হিজাবে এটি ঢেকে দিয়ে মেরাচি ইচ্ছাকৃতভাবে আমাদের উসকে দেওয়ার চেষ্টা করেছে।’
নেদারল্যান্ডসের আমস্টারডাম-ভিত্তিক মেরাচি মূলত অনলাইনের মাধ্যমে ফ্রান্সে ব্যবসা করে এবং সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে একটি অস্থায়ী দোকানও চালু করেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ২৬ বছর বয়সী নাদা মেরাচি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।