আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৩০ মার্চ , ২০২৫
ইউক্রেইনে যুদ্ধবিরতিতে কয়েক সপ্তাহের চেষ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ‘বেজায় ক্ষুব্ধ’ এবং ‘বিরক্ত’ হয়ে গেছেন।
রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতাকে আক্রমণ করায় তার ক্ষোভ।
পুতিন যুদ্ধবিরতিতে সম্মত না হলে যেসব দেশ রাশিয়ার তেল কেনে, তাদের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প।
সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি রাশিয়া এবং আমি ইউক্রেনে রক্তপাত বন্ধ করার বিষয়ে একটি চুক্তি করতে অক্ষম হই, এবং যদি আমি মনে করি এতে রাশিয়ার দায় ছিল —তা নাও হতে পারে—তাহলে আমি রাশিয়া থেকে আসা সমস্ত তেলের উপর পরোক্ষ শুল্ক বসাতে যাচ্ছি।”
পুতিন এবং রাশিয়ার প্রতি এমন কড়া বক্তব্যে ট্রাম্পের আগের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে বিবিসির প্রশ্নের জবাব তাৎক্ষণিকভাবে দেয়নি হোয়াইট হাউস।
ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত থাকার মধ্যে ট্রাম্প যে পুতিনের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলেছেন, সে বিষয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন ইউরোপের নেতারা।
গত ছয় সপ্তাহ সময়ের ব্যবধানে প্রেসিডেন্ট জেলেনেস্কিকে ওভাল অফিসের বৈঠকে বকাঝকা করেছেন ট্রাম্প এবং তার কাছ থেকে বিভিন্ন ছাড় দাবি করে আসছিলেন।
এর বিপরীতে, তিনি পুতিনের তোষামোদিই করেছেন এবং মূলত রুশ প্রেসিডেন্টের দাবির কাছে নতি স্বীকার করেছেন। সোমবারের বক্তব্য সেই জায়গা থেকে প্রস্থান বলে মনে হচ্ছে।
যুদ্ধবিরতির আলোচনায় দৃঢ় থাকার জন্য প্রথমবারের মতো রাশিয়াকে কড়া হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র; যেটা এখন মস্কোর কোর্টে কূটনৈতিক বল ফিরিয়ে দিতে পারে।