আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৪ জুন , ২০২৫
ইরান ও ইসরাইলের মধ্যে চলা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর যুদ্ধবিরতি শুরু হয়েছে। দেশ দুটির সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে এখনও বিভ্রান্তি রয়ে গেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে, তা নিয়ে এখনো স্পষ্টতা আসেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টা বেজে ৮ মিনিটে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এএফপির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সামাজিক মাধ্যমের পোস্টে ট্রাম্প লিখেছেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে। অনুগ্রহ করে এর লঙ্ঘন করবেন না!”
এএফপি জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ সময় ভোর ৪ টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি চালুর প্রক্রিয়া শুরু হবে। ইরান একপাক্ষিকভাবে হামলা বন্ধ করলেই এটি কার্যকর হবে। এরপর ১২ ঘণ্টার মধ্যে ইসরায়েলকেও সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পরিচালিত প্রেস টিভির বরাত দিয়ে সিএনএনে বলা হয়েছে, “ইসরায়েল অধিকৃত অঞ্চলে ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি শুরু হয়েছে।”
অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর্যায়ে প্রবেশ করেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল১২ ও ওয়াইনেট-ও জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে। যদিও ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একধাপ এগিয়ে দাবি করেছে, এই যুদ্ধবিরতি শত্রুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যদিও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা।
এদিকে, ইসরাইল সরকার এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যার ফলে দ্বিধা ও অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।