আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৬ এপ্রিল , ২০২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধকৃত অঞ্চলে যুদ্ধের শুরু থেকে হাজার হাজার ফিলিস্তিনি শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ৫৩৪ দিনব্যাপী ইসরায়েলি আক্রমণের ফলে গাজায় ৩৯ হাজার ৩শ ৮৪ শিশু তাদের বাবা অথবা মা কিংবা বাবা-মা দুজনকেই হারিয়েছে।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ২.৩ মিলিয়ন জনগণের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে।
দেশটির পরিসংখ্যান ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, 'এই শিশুরা অত্যন্ত দুঃখজনক অবস্থায় বসবাস করছে, অনেকেই ছেঁড়া তাঁবুতে বা ধ্বংস হওয়া ঘরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। সেখানে সামাজিক সেবা ও মানসিক সহায়তার প্রায় কোনও উপস্থিতি নেই। গাজা উপত্যকা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকটে ভুগছে।'
বিবৃতি অনুযায়ী, গাজায় ইসরায়েলি আক্রমণে অন্তত ১৭ হাজার ৯শ ৫৪ শিশু নিহত হয়েছে, যার মধ্যে ২৭৪টি নবজাতক এবং ৮৭৬টি এক বছরের কম বয়সী শিশুও রয়েছে।
আরও বলা হয়, '১৭টি শিশু বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাঁবুতে তুষার জমে মারা গেছে এবং ৫২টি শিশু ক্ষুধা ও পদ্ধতিগত পুষ্টিহীনতায় মারা গেছে।'
ব্যুরো সতর্ক করে বলেছে, দেশটিতে ৬০ হাজার শিশু মারাত্মক পুষ্টিহীনতা এবং অনাহারের ঝুঁকিতে রয়েছে, যা তাদের মৃত্যুর কারণ হতে পারে।