প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৪ মে , ২০২৫
বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২৪ মে) বোস্টনের ফেডারেল আদালতে মামলাটি করা হয়।
মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যা করেছে, তা আইনের ‘নির্লজ্জ লঙ্ঘন’। খবর : বিবিসি, রয়টার্স
এর আগে বৃহস্পতিবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হার্ভার্ড আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন, তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে। না হলে তারা আইনগত বৈধতা হারাবেন।
এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, হার্ভার্ড ‘আইন মেনে না চলায়’ তাদের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সনদ বাতিল করা হয়েছে।
এ সিদ্ধান্তকে বেআইনি বলে মন্তব্য করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের চাই। এ ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ১৪০টিরও বেশি দেশ থেকে এ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে তারা। হার্ভার্ড এবং এই দেশকে অসামান্যভাবে সমৃদ্ধ করে এই শিক্ষার্থী ও গবেষকরা।”