আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৩ এপ্রিল , ২০২৫
শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে পূর্ব এশিয়ার দেশ চীনে। প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির রাজধানী বেইজিং ও এর উত্তরাঞ্চল। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে দেশটিতে ‘অরেঞ্জ সতর্কতা’ জারি করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৫০ কেজির কম ওজনের মানুষ ‘সহজে এই ঝড়ে উড়ে যেতে পারে’। তাই লাখ লাখ মানুষকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হচ্ছে।
চীনে পরিণত বয়সের একজন নারী-পুরুষের গড় ওজন ৫৯ থেকে ৬৯ কেজি। এর মধ্যে অনেকে স্লিম থাকতে ওজন কমান। তাই স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, ৫০ কেজির কম ওজনের কেউ যেন বাইরে বের না হন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রবল ঝড়ের কারণে শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেইজিংয়ের দুটি প্রধান বিমানবন্দরে ৮৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গোলিয়া থেকে ঠান্ডা বাতাসের গতিবেগ বেইজিংয়ে ঘণ্টায় ৯৩ মাইল (১৫০ কিলোমিটার) পর্যন্ত রেকর্ড করা হয়েছে। গত অর্ধশতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি চীনের রাজধানীতে সর্বোচ্চ বাতাসের বেগ।
দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই ঝড় সপ্তাহজুড়ে থাকবে। এর ফলে বিভিন্ন দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১১ মাত্রার বাতাস ‘মারাত্মক ক্ষতি’ করতে পারে। এর ১ বেশি, অর্থাৎ ১২ মাত্রার বাতাস ‘চরম ধ্বংসাত্মক’ পরিস্থিতি ডেকে আনতে পারে। এ সপ্তাহে বেইজিংয়ে বাতাসের গতিবেগ ১১ থেকে ১৩ মাত্রার মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।