আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি , ২০২৫
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরায়েলি জিম্মিদের মধ্যে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) যাদের মুক্তি দেওয়ার যে সময় নির্ধারণ করা ছিল, সেটি স্থগিত করা হলো।
আবু ওবাইদা বলেন, গত তিন সপ্তাহ ধরে আমরা ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন ও চুক্তির শর্তাবলি মেনে চলার বিষয়টি পর্যবেক্ষণ করেছি। তারা ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে বাধা, গোলাবর্ষণ ও গুলি চালিয়ে এবং গাজায় ত্রাণ আসা বন্ধ করার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করেছে। অথচ, হামাস চুক্তির আওতায় সব বাধ্যবাধকতা পূরণ করেছে।
পূর্বের বাধ্যবাধকতাগুলোর সঙ্গে ইসরায়েলের সম্মতি না দেওয়া এবং পূর্বনির্ধারিতভাবে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত থাকবে। ইসরায়ের যতক্ষণ চুক্তি মেনে চলার ব্যাপারে পেশাদারিত্ব রাখবে, ততক্ষণ হামাসও চুক্তির শর্তাদির প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করবে বলে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র বিবৃতিতে উল্লেখ করেন।
এদিকে, হামাসের ঘোষণাকে 'যুদ্ধবিরতি চুক্তির পরিপূর্ণ লঙ্ঘন' হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয।
ইসরায়েলের গুরুত্বপূর্ণ সহযোগী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আটকে থাকা 'সব' জিম্মি শনিবারের মধ্যে ফেরত না দেয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত।