আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৯ এপ্রিল , ২০২৫
কারাগারে যেসব সুবিধা পাওয়ার কথা, তা পাচ্ছেন না অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি।
ইমরান খান ইসলামাবাদের একটি বিশেষ আদালতে এবং বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্টে এ নিয়ে আবেদন করেছেন।
আবেদনে ইমরান খান যুক্তরাজ্যে বসবাসরত তার দুই ছেলে কাসিম খান ও সুলেমান খানের সঙ্গে মুঠোফোনে ও ভিডিও কলে কথা বলার অনুমতি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ৭৩ বছর বয়সী ইমরান খান।
তিনি অভিযোগ করেছেন, আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্মকর্তারা ছেলেদের সঙ্গে তাকে টেলিফোনে যোগাযোগ করতে দিচ্ছেন না। এমনকি গত মাসে পবিত্র ঈদুল ফিতরের সময়ও তিনি কথা বলতে পারেননি।
বুশরা বিবি তার আবেদনে অভিযোগ করেছেন, সাবেক ফার্স্ট লেডি হিসেবে তার একটি সামাজিক মর্যাদা আছে। এ কারণে তার কারাগারে উন্নত সুযোগ–সুবিধা পাওয়ার কথা। কিন্তু কারা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করলেও তাতে সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ড পাওয়া বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে আছেন। এক ই মামলায় গত ১৭ জানুয়ারি পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।