আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৯ এপ্রিল , ২০২৫
বিশ্বজুড়ে বাজছে যুদ্ধের দামামা। এরই মধ্যে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির মধ্যকার বাণিজ্যযুদ্ধও শুরু হয়েছে পুরোদমে। যুক্তরাষ্ট্রের শুরু করা এ যুদ্ধে দমে নেই চীনও। ট্রাম্পের হুমকিতে ভয় না পেয়ে, বরং লড়াইয়ে প্রস্তুত বলেই জানিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
বুধবার (২ এপ্রিল) ট্রাম্পের ‘রেসিপ্রোকাল শুল্ক’র আওতায় ৩৪ শতাংশ শুল্ক আরোপের পর চীন শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন পণ্যের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছে।
চীনের স্টেট কাউন্সিলের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ১০ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই শুল্ক।
চীনের এই পালটা শুল্কেই রেগে যান ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে চীনা পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন তিনি।
সোমবার (৭ এপ্রিল) ট্রাম্প বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা পালটা শুল্ক মঙ্গলবারের মধ্যে না কমায় তাহলে তাদের ওপর আরও ৫০ শতাংশ শুল্কারোপ করা হবে। অচিরেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেই সতর্ক করেছেন তিনি।
হোয়াইট হাউজ জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে চীনা পণ্যে মোট ১০৪ শতাংশ শুল্ক আরোপ থাকবে।
ট্রাম্পের এ হুমকির জবাব দিয়েছে চীনও। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দেশটি।
চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেবে তারা। মন্ত্রণালয় আরও বলেছে, যুক্তরাষ্ট্রের তথাকথিত পারস্পরিক শুল্ক আরোপ সম্পূর্ণ ভিত্তিহীন এবং একপাক্ষিক দাদাগিরির উদাহরণ।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নিজের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে এর শেষ না দেখা পর্যন্ত চীনের লড়াই চলবে।