আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২ মার্চ , ২০২৫
তুরস্কের সঙ্গে আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। শনিবার সংগঠনটির এমন বিবৃতির মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো। এএফপি।
পিকেকে জানিয়েছে, কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানের ভিত্তিতে একটি কংগ্রেস ডাকার জন্য প্রস্তুত, তবে এর জন্য ‘উপযুক্ত ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে’ এবং কংগ্রেস সফল করার জন্য ওজালানকে ‘ব্যক্তিগতভাবে এটি পরিচালনা ও নেতৃত্ব দিতে হবে।’
গোষ্ঠীটি আরও জানিয়েছে, ওজালানের কারাগারের পরিস্থিতির উন্নতি করতে হবে এবং তিনি যেন ‘শারীরিকভাবে স্বাধীনভাবে বসবাস ও কাজ করতে পারেন এবং তার বন্ধুদেরসহ যে কারও সঙ্গে বাধাহীন যোগাযোগ রাখতে পারেন’ সেটি নিশ্চিত করতে হবে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিরুদ্ধে যুদ্ধরত নিষিদ্ধঘোষিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে তাদের ঐতিহাসিক নেতা ওজালানের আহ্বানের পর অস্ত্রবিরতি ঘোষণা করেছে। ওজালান এ সপ্তাহে গোষ্ঠীটির বিলুপ্তি চেয়ে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিলেন। ওজালানের আহ্বানের পর এই প্রথম গোষ্ঠীটি ভেঙে দেওয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করল।
পিকেকের নির্বাহী কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘নেতা আপোর (ওজালান) শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান বাস্তবায়নের পথ সুগম করতে কার্যকর অস্ত্রবিরতি ঘোষণা করছি।’
তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত পিকেকে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে, যার লক্ষ্য ছিল কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র মাতৃভূমি প্রতিষ্ঠা করা।