আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৪ জুলাই , ২০২৫
বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই স্বীকৃতির অংশ হিসেবে তালেবান নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো।
বৃহস্পতিবার (৩ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর আল-জাজিরার।
মন্ত্রণালয়টি জানিয়েছে, “ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলবে।”
এদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভের সঙ্গে বৈঠকের একটি ভিডিও পোস্ট করে লিখেন, “এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হবে। স্বীকৃতির যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে রাশিয়া সবাইকে ছাড়িয়ে যাবে।”
অন্যদিকে যুক্তরাষ্ট্র তালেবান সরকারের শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজ করে রেখেছে। যার ফলে আফগান ব্যাংকিং খাত কার্যত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২০২১ সালের আগস্টে যখন মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করে, তালেবান গোষ্ঠী তখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।