আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৩ এপ্রিল , ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের রাফাহ শহর দখলে নিয়েছে ইসরাইলি সেনারা। রাফাহ এখন ইসরাইলি ‘নিরাপত্তা অঞ্চল’র অংশ বলেই ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
উপত্যকাটিতে নতুনভাবে নির্মিত ‘মোরাগ করিডর’ এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে রাফাহকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে দখলদার ইসরাইলি।
এক বিবৃতিতে কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, এটাই হামাসকে উৎখাত এবং সব জিম্মি মুক্ত করার শেষ সুযোগ। তা না হলে যুদ্ধ পুরো গাজাজুড়ে বিস্তৃত হবে।
তিনি জানান, গাজার মাঝামাঝি থাকা আরেকটি কৌশলগত এলাকা নেতজারিম করিডোর, যা গাজাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে, সেটিও বিস্তৃত করা হবে। ইসরায়েল এই পথ থেকে যুদ্ধবিরতির সময় কিছুদিনের জন্য সরে গিয়েছিল, তবে ফের দখলে নিয়ে বর্তমানে তা ব্যবহার করছে।
কাটজ দাবি করেন, যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে চান, তাদের জন্য ইচ্ছামতো পারাপারের ব্যবস্থা থাকবে। এ প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনার কথাও পুনরায় উল্লেখ করেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে পৌঁছেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েলি বাধায় এসব মানুষ চিকিৎসাসেবা নিতেও হিমশিম খাচ্ছেন। এছাড়া এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।