প্রযুক্তি ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ৯ মাস জিম্মি জীবন কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
গত বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বুচ ও সুনিতা। কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তারা যান, সেই ‘স্টারলাইনারে’ ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাদের সময়মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যাচ্ছিল না।
বুচ ও সুনিতা বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে (জিএমটি ৫টা ৫ মিনিট) মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেন। ক্যাপসুল ক্রু ড্রাগনে তাদের সঙ্গে ছিলেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ।
‘নাসা ক্রু–৯ মিশন’–এর অংশ হিসেবে ক্রু ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার ১৭ ঘণ্টা পর এই চার নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে তাদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাস্যুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে নেমে আসে।
বুচ ও সুনিতা দুজনই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। ক্রু ড্রাগনের এ ফিরতি যাত্রা নিয়ে ক্রু–৯ মিশনের কমান্ডার ও নাসার নভোচারী নিক হেগ বলেন, ‘কী অসাধারণ যাত্রা!’
গত জুনে মাত্র আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নভোচারী বুচ ও সুনিতা। মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তারা। পৃথিবীতে তাদের ফেরানো নিয়ে রাজনীতিও শুরু হয়। ট্রাম্প এবং তার উপদেষ্টা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে বুচ ও সুনিতাকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছেন।
গত সোমবার নাসার পক্ষ থেকে দুই নভোচারীকে ফেরার দিনক্ষণ জানানো হয়। তাঁদের ফেরাতে নাসা ও স্পেসএক্স ‘ক্রু–৯ মিশন’ পরিচালনা করে। মিশনের অংশ হিসেবে গত শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ৩ মিনিটে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশকেন্দ্র থেকে যাত্রা শুরু করে। ২৯ ঘণ্টা পর গত রোববার ভোর ৪টা ৪ মিনিটের দিকে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।