প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৯ ফেব্রুয়ারি , ২০২৫
পাসপোর্টের শক্তির সূচকে চার ধাপ এগিয়ে ১৯৯টি দেশের মধ্যে ৯৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে, আগাম ভিসা না নিয়েও যাওয়া যায় এমন দেশের সংখ্যা কমেছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
সূচকে প্রকাশ করা তথ্য বলছে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছরের শুরুর দিকেও আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারতেন।
এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এরপরই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সবার শেষে আফগানিস্তান।