আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২২ ফেব্রুয়ারি , ২০২৫
যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ট্রাম্প দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন। তার স্থলে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল ড্যান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি। খবর, সিএনএন’র।
বরখাস্ত হওয়া চার্লস কিউ ব্রাউন জুনিয়র আফ্রিকা বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হন।
সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত ইস্যুতে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে ‘ভালো ও ভদ্রলোক’ বলেও উল্লেখ করেন। একইসঙ্গে সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, “আজ আমি এ ঘোষণা দিতে পেরে সম্মানিতবোধ করছি যে-আমি জয়েন্ট চিফস অব স্টাফের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইনকে মনোনীত করছি। জেনারেল কেইন দক্ষ পাইলট, জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা ও যুদ্ধবাজ। তিনি আন্তসংস্থা ও বিশেষ অভিযানের ওপর উল্লেখ করার মতো অভিজ্ঞতাসম্পন্ন।”