আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৭ ফেব্রুয়ারি , ২০২৫
ভারতের রাজধানী নয়া দিল্লিতে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে আশপাশের অনেক এলাকা থেকে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দিল্লির নাঙ্গলোই জাট থেকে ৫ দশমিক ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, করোল বাগ থেকে ৮ দশমিক ৩ কিলোমিটার পশ্চিমে, নয়া দিল্লি থেকে ১১ দশমিক ৫ কিলোমিটার পশ্চিম দিকে, রোহিণী থেকে দক্ষিণ দক্ষিণ-পূর্বে এবং দিল্লি থেকে ১২ দশমিক ২ কিলোমিটার পশ্চিমে।
বার্তা সংস্থা পিটিআই বলছে, ধৌলা কুয়ানের দুর্গাবাঈ দেশমুখ বিশেষ শিক্ষা কলেজের কাছেই এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। ওই এলাকার কাছে একটি হ্রদ রয়েছে, যেখানে দুই-তিন বছরে একবার করে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে। ২০১৫ সালে সেখানে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
দিল্লি কেন উচ্চ ঝুঁকিতে
ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) দৃষ্টিতে দিল্লি উচ্চ ভূমিকম্প অঞ্চলে (জোন ৪) অবস্থিত।
এর আগে গত ২৩ জানুয়ারি চীনের তিব্বতে ৮০ কিলোমিটার গভীরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হলে ভারতের রাজধানীজুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়।
এর দুই সপ্তাহ আগে ১১ জানুয়ারি আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পরে দিল্লি এবং আশপাশে মৃদু কম্পন অনুভূত হয়েছিল।