আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৬ মে , ২০২৫
আলকাট্রাজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন কারাগার হিসেবে সূচনা থেকেই কুখ্যাতি অর্জন করেছিল, যা অনেকের কাছে বিশ্বের সবচেয়ে ভয়ংকর কারাগার হিসেবে বিবেচিত হয়। ১৯৬৩ সালে কারাগারটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার উপকূলে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে একটি দ্বীপে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগারটি পুনরায় চালু নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিবৃতিতে ট্রাম্প লেখেন, “বহুদিন ধরে যুক্তরাষ্ট্র হিংস্র, সহিংস এবং ক্রমিক অপরাধীদের দ্বারা জর্জরিত। আলকাট্রাজ আবার খোলা হলে তা আইনশৃঙ্খলা এবং বিচারের প্রতীক হিসেবে কাজ করবে।”
ট্রাম্প লিখেছেন, “আজ আমি ব্যুরো অব প্রিজনসকে বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে একজোট হয়ে পুনর্নির্মিত আলকাট্রাজ আবার খোলার নির্দেশ দিচ্ছি। এই কারাগারে সবচেয়ে নির্মম এবং হিংস্র অপরাধীদের রাখা হবে।”
তবে শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা বলেছেন, “এই প্রস্তাব গুরুত্বপূর্ণ নয়।”
উল্লেখ্য, আলকাট্রাজ কারাগার নির্মিত হয় ১৯১২ সালে। ১৯২০ সালে এটি বন্দি দিয়ে পূর্ণ হয়ে যায়। শুরুতে এটি দীর্ঘমেয়াদি সামরিক কারাগার হিসেবে ব্যবহৃত হলেও পরে কুখ্যাত অপরাধীদের কঠোর শাস্তির স্থল হিসেবে পরিচিতি পায়।