আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
ক্ষমতায় এসেই রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধীদলীয় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সন্তানদের নিরাপত্তা বাতিল করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের প্রতিশোধমূলক এই নির্দেশে এখন থেকে হান্টার বাইডেন (৫৫) ও অ্যাশলে বাইডেন (৪৩) সিক্রেট সার্ভিসের বিশেষ সুরক্ষা পাবেন না।
গত জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের আগে ডেমোক্র্যাটরা বাইডেনের পুত্র ও কন্যাকে এই নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা করেছিল।
কিন্তু, সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের এই পদক্ষেপকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন।
ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লিখেছেন, ‘হান্টার বাইডেনের নিরাপত্তায় ১৮ জনের বেশি মানুষ নিয়োজিত। এটি “হাস্যকর” ব্যাপার।’ এপি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সরকারি দেহরক্ষীদের প্রত্যাহার করা হচ্ছে।
সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনসহ জো বাইডেনের মেয়ে অ্যাশলি বাইডেনের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধ করার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, হান্টার বাইডেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটিয়েছেন।
ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘দয়া করে জেনে রাখুন, খুব শিগগির হান্টার বাইডেন আর সিক্রেট সার্ভিসের সুরক্ষা পাবেন না। একইভাবে অ্যাশলি বাইডেনের ১৩ জন এজেন্টকেও প্রত্যাহার করা হবে।’