আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ ফেব্রুয়ারি , ২০২৫
যুক্তরাষ্ট্রে দু’দিনের সফরে ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফর শেষে মোদী ভারতে ফিরতে না ফিরতেই আরও ১১৯ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প।
শনিবার রাতে অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজ।
এটি অবৈধ অভিবাসী নিয়ে ভারতে আসা দ্বিতীয় উড়োজাহাজ। এর আগে গত সপ্তাহে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে হাত-পায়ে শিকল পড়ানো অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজ অমৃতসরে অবতরণ করে।
অবৈধ ভারতীয় অভিবাসীবাহী প্রথম ফ্লাইটটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের আগেই অবতরণ করে। এরপর মোদির ওয়াশিংটন সফরের একদিন পর এলো দ্বিতীয় ফ্লাইট।
অফিশিয়াল সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, আজ রোববার অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে তৃতীয় উড়োজাহাজ দেশটির অমৃতসরে পৌঁছাতে পারে।