প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩ এপ্রিল , ২০২৫
অভিবাসন ও বিদেশী নাগরিক সংক্রান্ত নতুন বিল চূড়ান্তভাবে অনুমোদন করেছে ভারতের পার্লামেন্টে। বুধবার (২ এপ্রিল) রাজ্যসভায় অনুমোদন পায় নতুন এই বিল।
নতুন বিলে দেশটিতে বিদেশিদের আগমন ও অবস্থানের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নতুন বিলে যা আছে
বিলে উল্লেখ করা হয়েছে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জাতির অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ যে কোনো বিদেশিকে দেশে প্রবেশ বা অবস্থানের অনুমতি দেয়া হবে না।
একইসঙ্গে বিদেশিদের আগমনের পরে নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি তাদের চলাচল, নাম পরিবর্তন ছাড়াও সীমাবদ্ধ এলাকায় যাতায়াত সীমাবদ্ধ করা হয়েছে।
এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং নার্সিং হোমগুলোকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে বিদেশি নাগরিকদের রিপোর্ট করার নির্দেশনাও রয়েছে।
আইন লঙ্ঘনে কঠোর শাস্তি
বিল অনুযায়ী, আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ভারতে প্রবেশে জাল নথি ব্যবহার করলে দুই থেকে সাত বছরের জেল এবং জরিমানা এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছে।
ভিসার শর্ত লঙ্ঘন করে দেশটিতে অতিরিক্ত সময় ধরে অবস্থান বা সীমাবদ্ধ এলাকায় অনুপ্রবেশ করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের বহনকারী পরিবহন বাহকদেরও দায়ী করা হবে। তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সূত্র: দ্য ইকোনোমিক টাইমস