প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২০ এপ্রিল , ২০২৫
একের পর এক অবিশ্বাস্য স্থাপনা নির্মাণ করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে আসছে চীন। এবার বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছে। শুক্রবার সেতুটির মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী জুনে এটি উদ্বোধন করবে চীন। খবর সিএনএন, সিনহুয়া
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন নামে সেতুটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে অবস্থিত। নির্মাণ করা হচ্ছে বইপান নদীর পানির স্তর থেকে প্রায় ২ হাজার ৫১ ফুট উপরে।
গুইঝৌ প্রদেশ হলো চীনের অন্যতম পার্বত্য অঞ্চল। এতদিন সেখানে যাতায়াত খুবই দুরূহ ছিল। নতুন সেতুটি ওই প্রদেশের অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল হুয়াজিং গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়ে গেছে, যার অপর নাম 'আর্থ ক্র্যাক (পৃথিবীর ফাটল)'।
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু বর্তমান রেকর্ডধারী ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে ৯৪৭ ফুট বেশি উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। এটি আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটারেরও বেশি উঁচু এবং তিনগুণ বেশি ওজন। চীনের অসামান্য প্রকৌশলী দক্ষতার সর্বশেষ নিদর্শন হিসেবে মনে করা হচ্ছে এই সেতুটি।
৯ হাজার ৪৮২ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২১৬ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াই হাজার কোটি টাকা।
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুর স্টিলের ট্রাসগুলোর ওজন প্রায় ২২ হাজার টন। যা তিনটি আইফেল টাওয়ারের সম্মিলিত ওজনের সমান। এগুলো স্থাপন করতে সময় লেগেছে মাত্র ২ মাস। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেতুটি চালু হলে হুয়াজিয়াং ক্যানিয়ন পাড়ি দিতে যেখানে আগে ২ ঘণ্টা লাগত তা কমে দাঁড়াবে মাত্র ১ মিনিটে।
২০২২ সালের ১৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল এবং ২০২৫ সালের ৩০ জুন এটি শেষ হবে। গুইঝৌ হাইওয়ে গ্রুপের প্রধান প্রকৌশলী ঝাং শেংলিন বলেছেন, ‘বর্তমানে সেতুটির ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে।