আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১১ মার্চ , ২০২৫
কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির সম্মেলনে রোববার দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। পদত্যাগকারী জাস্টিন ট্রুডোর স্থলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। কয়েক দিনের মধ্যেই শপথ নেবেন তিনি। তার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন কার্নি। বিজয় ভাষণেই দিলেন বাণিজ্য যুদ্ধের ঘোষণা। সেই সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়ার অঙ্গীকারও করেছেন তিনি। বিবিসি ও রয়টার্স
নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্র মুক্তবাণিজ্যের প্রতিশ্রুতি না দিলে দেশটির পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্কারোপ বহাল রাখবেন তিনি। এই মন্তব্যটি এসেছে যখন কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যসহ সার্বভৌমত্ব নিয়ে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।
সম্প্রতি কানাডার ওপর শুল্ক আরোপ করেন ট্রাম্প। এছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার কথাও জানান তিনি। এ প্রসঙ্গে কার্নি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আমেরিকানদের কোনো ভুল করা উচিত নয়। বাণিজ্যের খেলায় জিতবে কানাডা।’
কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না এবং দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সবকিছু করবেন বলেও জানিয়েছেন কার্নি।