আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৩ মার্চ , ২০২৫
ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া শর্ত মেনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে রাজি হয়েছে ইউক্রেন।
শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।
তিনি বলেন, ‘ইউক্রেনে নির্বাচন হবে। মস্কো মনে করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচিত নন। সে কারণে তিনি কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন না।’
উইটকফের এ সাক্ষাৎকার থেকেই বেরিয়ে এলো যে, রুশ প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি চুক্তির টেবিলে বসাতেই ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচনে রাজি করিয়েছেন ট্রাম্পের দূতিয়াল।
ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে কার্লসন উইটকফকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয়, ইউক্রেনে নির্বাচন হবে?’ উত্তরে উইটকফ বলেন, ‘হ্যাঁ, নির্বাচন হবে। তারা এতে সম্মত হয়েছে।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
প্রসঙ্গত, কয়েক বছর ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবৈধ দাবি করে আসছে ক্রেমলিন।
১৮ ফেব্রুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে তার বৈধতাসংক্রান্ত বিষয়গুলো বিবেচনা করতে হবে। রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন কোনো নির্বাচন আয়োজন করেনি।