আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ মার্চ , ২০২৫
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিবাদের পর ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে এই জানিয়েছেন ।
ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করেছেন যে শান্তিতেই নজর তার। আমাদের অংশীদারদেরও এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া দরকার। সমাধানের ক্ষেত্রে অবদান রাখা নিশ্চিত করতে আমরা আমাদের সহায়তা স্থগিত করেছি ও পর্যালোচনা করে দেখছি।”
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন দেশটির (ইউক্রেনের) নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ বলেছে, ‘এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয়, এটি সাময়িক সময়ের জন্য।’
ট্রাম্পের এই উদ্যোগের পর রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য ব্যাপক চাপ সৃষ্টি হবে কিয়েভের ওপর। ট্রাম্প অতিদ্রুত এই যুদ্ধের অবসান এবং ইউক্রেনকে শান্তি আলোচনার টেবিলে আনতে চাইছেন।
প্রসঙ্গত, রাশিয়ার বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেইনে ৬৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র । যা বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ তিন হাজার ৯৮০ কোটি ডলার।
সহায়তার মধ্যে ট্যাংক, হেলিকপ্টার, ড্রোন, মর্টারসহ আরও নানা অস্ত্র রয়েছে। এমন কি, নিজ দেশের অস্ত্রের পাশাপাশি সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত ট্যাংক ও হেলিকপ্টারও পেয়েছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি।