আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ ফেব্রুয়ারি , ২০২৫
ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বিভিন্ন দেশের ৩০ জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজ কম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই তালিকায় পড়েছে ভারতের ৪ কোম্পানি।
যুক্তরাষ্ট্র সরকারের বিদেশি সম্পদবিষয়ক অফিস ও পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ভারতের ৪ প্রতিষ্ঠান হলো ফ্লুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং কসমস লাইনস ইনকরপোরেশন।
কসমস লাইনস ইনকরপোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বাকি তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের জ্বালানি তেল ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিজেদের জ্বালানি তেলের বিক্রি বাড়ানো এবং অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল সংগ্রহ করতে নৌযান, পরিবহনকারী এবং মধ্যস্থতাকারীদের একটি গোপন নেটওয়ার্কের ওপর নির্ভর করে যাচ্ছে ইরান।
স্কট বেসেন্ট বলেন, যারা ইরানের তেল নিয়ে কাজ করবে, তারাও নিষেধাজ্ঞার উল্লেখযোগ্য ঝুঁকির মুখে পড়বে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের ৪ প্রতিষ্ঠান ছাড়াও ইরানের জ্বালানি তেল বিক্রি ও পরিবহনে যুক্ত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।