আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১ মে , ২০২৫
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমাতে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বুধবার ফোনকলে তিনি এ অনুরোধ করেন।
পাশাপাশি তাদেরকে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন রুবিও।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে রুবিও বলেছেন, পহেলগামে এতজন পর্যটক ও এক সহিসের মৃত্যুতে তিনি মর্মাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র সবসময় ভারতকে সহযোগিতা করতে দায়বদ্ধ।
তবে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হবে, উত্তেজনা কমাতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে রুবিও বলেছেন, তিনি যেন ভারতের সঙ্গে সহযোগিতা করেন। শান্তি ও নিরাপত্তা বজায় রাখেন। ভারতের সঙ্গে যেন সরাসরি কথা বলেন। একইসঙ্গে কাশ্মীরে ‘অযৌক্তিক’ হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, দুই নেতাই রুবিওকে জানিয়েছেন, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি।