প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি , ২০২৫
১৪০ কোটি মানুষের আবাসস্থলের দেশ ভারত। দেশটির প্রায় ৭১ ভাগ মানুষের কাছে কোনো ধরনের বিবেচনামূলক পণ্য বা সেবার পেছনে ব্যয় করার ক্ষমতা নেই। যাদের সংখ্যা প্রায় ১০০ কোটি। অর্থাৎ জীবনধারণের ন্যূনতম ব্যয়ের মধ্যেই এসব ভারতীয়দের জীবন সীমাবদ্ধ। ব্যক্তিগত শখ-আহ্লাদ পূরণের টাকা নেই তাদের কাছে।
ব্লুম ভেঞ্চারস প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির প্রায় ১০০ কোটি মানুষের হাতে তাদের নিজেদের কাজে ব্যয় করার মতো টাকা থাকে না।
ব্লুম ভেঞ্চারসের প্রতিবেদন অনুসারে, ভারতের ভোক্তা শ্রেণি বা কার্যত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পণ্যের সম্ভাব্য বাজারের আকার মাত্র ১৩-১৪ কোটি, যা মেক্সিকোর মোট জনসংখ্যার সমান। দেশটিতে ৩০ কোটি মানুষ উদীয়মান বা সম্ভাব্য ভোক্তা হিসাবে বিবেচিত হলেও তারা খুব হিসাব করে খরচ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধনী লোকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। তবে যারা ইতোমধ্যেই সম্পদশালী, তারা আরও ধনী হয়ে উঠছে। এর ফলে, দেশের ভোক্তা বাজারে বেশ কয়েকটি স্বতন্ত্র প্রবণতা দেখা যাচ্ছে।