আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ মার্চ , ২০২৫
বিশ্বের ৪৩ দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
এ পরিকল্পনা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করা কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এবারের নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের চেয়েও ব্যাপক হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের অংশ হিসেবে একটি খসড়া তালিকা সুপারিশ করেছেন দেশটির কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা।
এর মধ্যে লাল তালিকায় থাকা ১১টি দেশ হলো-আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেন। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।
খসড়া প্রস্তাবে কমলা তালিকায় রয়েছে ১0টি দেশ। এগুলো হলো-বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান এবং তুর্কমেনিস্তান। এসব দেশের নাগরিকদের আংশিকভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হবে। এ ক্ষেত্রে দেশগুলোর ধনী ব্যবসায়ীরা প্রবেশ করতে পারলেও অভিবাসী বা পর্যটন ভিসায় আসা ব্যক্তিরা পারবেন না।
খসড়া প্রস্তাবে ২২টি দেশকে হলুদ তালিকায় রাখা হয়েছে। দেশগুলো হলো- অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, ইকুয়াটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, ভানুয়াতু এবং জিম্বাবুয়ে।
এ তালিকায় থাকা দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ৬০ দিন সময় দেয়া হবে। ব্যর্থ তাদের লাল বা কমলা তালিকার অন্তর্ভুক্ত করার আলটিমেটাম দেয়া হবে।