আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৬ জানুয়ারী , ২০২৫
ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
ভারতের গুজরাট রাজ্যে উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা আরোহিদের তিনজনই নিহত হয়েছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রশিক্ষণকালে গুজরাট রাজ্যের পোরবন্দরে একটি মাঠে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) বিধ্বস্ত হয়।
প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটিতে ত্রুটি দেখা দেয় এবং আছড়ে পড়ে। এরপরই এতে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা হয়েছে।
এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির আছড়ে পড়ার আগেই ঝাঁপ দেন এক পাইলট। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
এর আগে গত বছরের ২ সেপ্টেম্বরেও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার আরব সাগরে ভেঙে পড়ে। তাতে দুই ক্রুর মৃত্যু হয়। এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে গুজরাট উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়।