আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১০ মার্চ , ২০২৫
কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির সম্মেলনে দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। পদত্যাগকারী জাস্টিন ট্রুডোর স্থলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।
রোববার প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, লিবারেল পার্টির নেতা নির্বাচনের ভোটাভুটিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি সর্বোচ্চ ভোট পেয়েছেন।
রয়টার্স জানিয়েছে, লিবারেল পার্টির ওই ভোটাভুটিতে মার্ক কার্নি কানাডার সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পরাজিত করেন। দলের এক লাখ ৫২ হাজার সদস্যের মধ্যে ৮৬ শতাংশের ভোট পান কার্নি।
মার্ক কার্নির প্রাপ্ত ভোট সংখ্যা এক লাখ ৩১ হাজার ৬৭৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র ১১ হাজার ১৩৪ ভোট।
আগামী অক্টোবরে কানাডার জাতীয় নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন মার্ক কার্নি।
লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েই যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন মার্ক কার্নি। বলেন, প্রতিবেশী দেশটিকে আর বিশ্বাস করা যায় না।
প্রসঙ্গত, ৯ বছর দায়িত্ব পালনের পর, রাজনৈতিক চাপের জেরে গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।