প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১১ এপ্রিল , ২০২৫
কোনো কল্পকাহিনি নয়, বিজ্ঞানীরা এবার সত্যি সত্যিই চাঁদের বুকে ডেটা সেন্টার বা তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা করছেন। এরই মধ্যে এ নিয়ে পরীক্ষা চালিয়ে সফল হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান লোনস্টার ডেটা হোল্ডিংস।
এ যাত্রায় চাঁদে বড় পরিসরে তথ্যভান্ডার স্থাপন করা গেলে তা হবে প্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক।
লোনস্টার ডেটা হোল্ডিংস গত মাসে একটি বইয়ের আকৃতির একটি ডেটা সেন্টার পরীক্ষামূলকভাবে চাঁদে পাঠিয়েছে। এ কাজে সহায়তা নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র মহাকাশ অনুসন্ধান প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনসের ‘এথেনা লুনার ল্যান্ডারের’।
ওই ল্যান্ডার ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে চাঁদে পাঠানো হয়েছিল।
ডেটা সেন্টার হচ্ছে, বিশাল কোনো স্থানে রাখা সারি সারি কম্পিউটার। ওয়েবসাইট, প্রতিষ্ঠান ও সরকারি তথ্য ওই কম্পিউটারে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়া করারও প্রয়োজন পড়ছে।
পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসের তথ্যমতে, ২০৩০ সাল নাগাদ ডেটা সেন্টারের চাহিদা ১৯ থেকে ২২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।