প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১০ মার্চ , ২০২৫
চীনে দম্পতিদের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা কমতির দিকে। ফলে দেশটিতে জন্মহার রেকর্ডসংখ্যক কমেছে। সেখানে বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা। তাদেরকে দেখাশোনার পাশাপাশি সামাজিক পরিচর্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটার মতো প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। রোববার চীনা কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিম্ন জন্মহার ও বিভিন্ন খাতের কর্মী সংকটে চীন যখন ভুগতে শুরু করেছে, তখন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা এল।
চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলন ‘টু সেশনসে’ সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রী লু ঝিইউয়ান বলেন, ‘আমরা সামাজিক সহায়তা, বয়স্কদের যত্ন, প্রতিবন্ধীদের জন্য সেবার ক্ষেত্রে বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়ন এবং প্রয়োগকে ত্বরান্বিত করব।’
এতে সামাজিক পরিচর্যার মতো সেবাগুলো আরও বেশি সুবিধাজনক, সহজলভ্য ও মানসম্মত হবে বলে তিনি দাবি করেন।
প্রসঙ্গত, চীনে ৩১ কোটির বেশি লোকের বয়স ৬০ বছরের ওপরে। দেশটির কর্মশক্তি কমে যাওয়ায় ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সরকার প্রযুক্তির দিকে নজর দিয়েছে।
জানুয়ারি মাসে বেসরকারিভাবে পরিচালিত চীনা কোম্পানি ডিপসিক তাদের চ্যাটবটের সর্বশেষ সংস্করণ প্রকাশ করার পর থেকে স্থানীয় সরকারের পক্ষ থেকে তাদের পরিষেবাগুলোতে এআই মডেল বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে।