প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৭ ফেব্রুয়ারি , ২০২৫
কম্পিউটারে সহজেই বাংলা ভাষায় লিখতে পারার জনপ্রিয় সফটওয়্যার অভ্র কিবোর্ডের আবিষ্কারক ডা. মেহেদী হাসান খান। এই প্রতিভাবান ব্যক্তি একাধারে প্রোগ্রামার ও চিকিৎসক। এবার তিনি পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক।
বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে অভ্র কিবোর্ডের জন্য ২০১১ সালে মেহেদী হাসান খান তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান।
অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খানের জন্ম ঢাকায়। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তার সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই।
উল্লেখ্য, ২০০৩ সালের ২৬ মার্চ প্রথমবারের মতো অভ্র কিবোর্ড উন্মুক্ত করা হয়। পরবর্তীতে ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর ওমিক্রনল্যাব থেকে এটি মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র তৈরির কাজেও অভ্র ব্যবহার করেছে।