প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ মার্চ , ২০২৫
বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে যুক্তরাষ্ট্রের গবেষক দল। তারা একটি নতুন পরমাণু ব্যাটারি উদ্ভাবন করেছে, যা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এ ধরনের পরমাণু ব্যাটারি কোনো চার্জ বা রক্ষণাবেক্ষণ ছাড়াই কয়েক দশক পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
ব্যাটারিটি উদ্ভাবন করেছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। এতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি থেকে নির্গত গামা বিকিরণ শোষণ করে সিন্টিলেটর স্ফটিকের মাধ্যমে সে বিকিরণকে আলোয় রূপান্তর করে। পরে সৌরকোষের সাহায্যে আলোকে বিদ্যুতে পরিণত করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাটারিটি ধরা-ছোঁয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ, কারণ এতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়নি। তবে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি করা হবে না।
গবেষকদের মতে, এসব ব্যাটারি মহাকাশযান ও গভীর সমুদ্র গবেষণার মতো পরিবেশে পারমাণবিক শক্তি ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারের জন্য উপযোগী।
ওহাইও স্টেটের মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণা সহযোগী ইব্রাহিম ওকসুজ জানান, প্রক্রিয়াটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতে এ ব্যাটারি আরও বেশি ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।