প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ ফেব্রুয়ারি , ২০২৫
জলবায়ু পরিবর্তনের এ যুগে কার্বন ডাই-অক্সাইডের (ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস) পরিমাণ হ্রাস করা বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীকে বাসযোগ্য করতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমাতে দীর্ঘদিন ধরেই বিকল্প জ্বালানির উৎস আবিষ্কারের জন্য কাজ করছেন বিজ্ঞানীরা।
এবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই-অক্সাইড থেকে গাড়ি চালাতে সক্ষম জ্বালানি তৈরির জন্য বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেছেন।
নেচার এনার্জি সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যন্ত্রটি মূলত বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই–অক্সাইড টেনে নিয়ে সিনথেসিস গ্যাস বা সিনগ্যাসে রূপান্তর করতে পারে। যা কাজে লাগিয়ে গাড়ি ও উড়োজাহাজও চালানো যাবে।
সৌরবিদ্যুতে চলায় যন্ত্রটি ব্যবহারের জন্য কোনো ধরনের ব্যাটারির প্রয়োজন হয় না। বর্তমানে ব্যবহৃত বিভিন্ন কার্বন সংগ্রহের প্রযুক্তির বিকল্প হতে পারে যন্ত্রটি।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সায়ান কর জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে দায়ী ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসকে দরকারি রাসায়নিক পদার্থে পরিণত করা সম্ভব। তাদের উদ্ভাবিত যন্ত্রটি বিশেষ ফিল্টারের মাধ্যমে রাতে বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে। এরপর দিনের বেলা সূর্যের আলো কাজে লাগিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সিনগ্যাস উৎপন্ন করে। এই গ্যাস পেট্রলের বিকল্প হিসেবে কাজ করতে পারে।
দলের আরেক বিজ্ঞানী অধ্যাপক এরউইন রেইসনার বলেন, আমরা যেসব পণ্যের ওপর নির্ভর করি, তা তৈরির জন্য জীবাশ্ম জ্বালানি খনন করা হয় ও পোড়ানো হয়। তার পরিবর্তে আমাদের উদ্ভাবিত যন্ত্রটির মাধ্যমে সরাসরি বাতাস থেকে প্রয়োজনীয় সব কার্বন ডাই–অক্সাইড পেতে পারিে এবং পুনরায় ব্যবহার করতে পারি।