আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৫ ফেব্রুয়ারি , ২০২৫
ভারতের বিভিন্ন ডিটেনশন সেন্টার এবং জেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন আটকে রাখা হয়েছে, কেন তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না; তা কেন্দ্রের কাছে জানতে চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
৬ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানোর নির্দেশও দিয়েছে ভারতের এই সর্বোচ্চ আদালত।
২০১১ সালে ভারতের পশ্চিমবঙ্গে একটি মামলা হয়েছিল। সেই মামলার সূত্র ধরেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললো ভারতের সুপ্রিম কোর্ট। পাশাপাশি, যেহেতু পশ্চিমবঙ্গে এই মামলাটি হয়েছিল, ফলে পশ্চিমবঙ্গ সরকারের করণীয় বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চ আরেকটি মামলার সূত্র ধরে আসাম সরকারকে জানিয়েছে, তাদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা ৬৩ জন বাংলাদেশি নাগরিককে অবিলম্বে দেশে পাঠাতে হবে।
২০০৯ সালে কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিদেশি সন্দেহে কোনো ব্যক্তিকে আটক করার পর তার পরিচয় যাচাই করতে হবে এবং তার ভিত্তিতে প্রত্যার্পণের প্রক্রিয়া শুরু করতে হবে। ৩০ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে।
উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গে যে মামলাটি হয়, তাতে অভিযোগ করা হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দুর্বিষহ অবস্থা। যখন হয়েছিল, তখন আদালতকে জানানো হয়েছিল, ৮৫০ জন বাংলাদেশি অনির্দিষ্টকাল ধরে আটক।