আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৫ ফেব্রুয়ারি , ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দেশটি যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করে নেবে। তবে তার আগে সেখানকার ফিলিস্তিনিদের 'অন্য কোথাও' সরিয়ে নেওয়া হবে।
ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার এক যৌথ সম্মেলনে এই বিস্ময়কর পরিকল্পনার কথা জানান ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করব। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করব। এটি আমাদের নিয়ন্ত্রণে থাকবে।’
গাজার ধ্বংসপ্রাপ্ত ভবন পরিষ্কার করা এবং বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র অপসারণের দায়িত্ব তার প্রশাসন নেবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।
তবে এ পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সুনির্দিষ্ট কোনো রূপরেখা প্রস্তাব করেননি।
এ ঘোষণার আগেই ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের প্রস্তাব দিয়ে সবাইকে স্তম্ভিত করে দিয়েছিলেন।
তবে গাজা শাসনকারী ফিলিস্তিনি সংগঠন হামাস এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে একে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির রেসিপি বলে অভিহিত করেছে।
এক বিবৃতিতে হামাস জানায়, গাজার জনগণ এই পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দেবে না।