প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ মার্চ , ২০২৫
ছবি: বাফুফে
ইংলিশ ফুটবলে সক্ষমতার প্রমাণ আগেই দিয়েছেন হামজা চৌধুরী; আগ্রহ প্রকাশ করেছিলেন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলার। এবার তার সেই ইচ্ছাও পূরণ হতে চলেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে জাতীয় দলের হয়ে খেলতে আসছেন এই শেফিল্ড ইউনাইটেড ফুটবলার।
তার আগমন ঘিরে হবিগঞ্জের সর্বত্র তাই বিরাজ করছে উৎসবের আমেজ। বাফুফেও দিয়েছে তার দেশের পথে রওনা হওয়ার উল্লসিত খবর। সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি পৌঁছবেন সিলেটে।
হামজার বাড়ির পথে রওনা করার খবর রোববার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে দিয়ে বাফুফে লিখেছে, “হামজা চৌধুরী ঢাকার পথে! বেঙ্গল টাইগার বাড়ির পথে। বাড়তি পাওনার জন্য সঙ্গে থাকুন!”
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পাওয়ার পর থেকেই অপেক্ষার ক্ষণ গোনা শুরু করেন সমর্থক, গ্রামবাসীরা। এবার সে অপেক্ষা ফুরানোর পালা।
সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে; নিজ বাড়িতে।
হামজার আগমনকে ঘিরে স্নানঘাটসহ পুরো জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। সাজ সাজ রব পড়েছে তার নিজ গ্রামেও। হামজাকে অভিনন্দন বার্তা জানিয়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা।
অনাকাঙিক্ষত কিছু না ঘটলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন হামজা।
মা-বাবার সাথে গ্রামে এর আগেও হামজা এসেছেন কয়েকবার। এবার আসছেন প্রায় ১১ বছর পর। তার পরিবার জানিয়েছে, গ্রামের বাড়িতে একদিন থাকবেন হামজা।
এরপর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সাথে শিলংয়ের উদ্দেশ্যে পথ ধরবেন তিনি।
ছেলের আগমন নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছুঁয়ে যাচ্ছে বাবা মোর্শেদকে। তার মনে হচ্ছে, আরও বেশি প্রবাসী ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে তুললে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের মঞ্চে ওঠা অসম্ভব নয় মোটেও।
চলতি বছর লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন হামজা চৌধুরী। প্রাথমিকভাবে শেফিল্ডের চুক্তি হয়েছে চলতি মৌসুমের শেষ পর্যন্ত।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামজা বছরে শেফিল্ড থেকে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন। টাকার হিসেবে যা প্রায় ৩৯ কোটি ৮০ লাখ। চুক্তি অনুযায়ী, আগামী জুন পর্যন্ত তার ওই হারে বেতন পাওয়ার কথা।