স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৯ জুন , ২০২৫
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর শনিবার (২৮ জুন) সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
নাজমুল হোসেন শান্ত বলেন, “আমি একটি ঘোষণা দিতে যাচ্ছি। টেস্ট নেতৃত্ব ছেড়ে দিচ্ছি। এই ফরম্যাটে আর অধিনায়ক থাকতে চাই না।”
তার সংযোজন, “আমি একটি সুস্পষ্ট বার্তা দিতে চাই সবাইকে। এই সিদ্ধান্তের সঙ্গে কোনো ব্যক্তিগত বিষয়ের সম্পর্ক নেই। দলের ভালোর স্বার্থে সরে দাঁড়াচ্ছি।”
“আমি বিশ্বাস করি, এতে দলের জন্য ভালো হবে। বোর্ড যদি মনে করে তিন সংস্করণে তারা তিনজন অধিনায়ক রাখবে, সেটি তাদের সিদ্ধান্ত।” বললেন শান্ত।
কিছুদিন আগ পর্যন্ত তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। পরে তার জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। এরপর ১২ জুন হুট করেই ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানায় বিসিবি।