স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১০ মে , ২০২৫
ভারত-পাকিস্তানের চলমান সংঘাত ও চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ধাক্কা লাগল এবার ক্রিকেটে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার (৯ মে) রাতে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অন্যদিকে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুক্রবার সকালের খবর, আইপিএলের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিবৃতিতে বিসিসিআই সচিব দেবজিত শাইকিয়া জানান, ‘২০২৫ আইপিএলের বাকি অংশ এক সপ্তাহ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে নতুন সূচি ও ভেন্যুর বিষয়ে পরে জানানো হবে।’
লিগ পর্বের ১২টিসহ মোট ১৬টি ম্যাচ বাকি আইপিএলে। অন্যদিকে পিএসএলে বাকি আট ম্যাচ। খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার মাঝরাতে টুর্নামেন্টের বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
পিসিবি জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। নতুন সূচি ও ভেন্যু পরে জানানো হবে।