স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ মার্চ , ২০২৫
শুরুতেই গোল আদায় করে নিলেও বেশিক্ষণ সেই রাখতে পারেনি স্পেন। ঘরের মাঠে উজ্জীবিত নেদারল্যান্ডস গোল শোধ দিয়ে এগিয়েও যায়। তবে, শুরুর মত শেষের চমক দেখিয়ে ডাচদের বিপক্ষে হার এড়াতে পেরেছে স্প্যানিয়ার্ডরা।
রটারডামে বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছে। ৮১তম মিনিটে ডিফেন্ডার ইয়োরেল হাতো লাল দেখার পর ১০ জন নিয়ে খেলা শেষ করেছে নেদারল্যান্ডস।
৯ মিনিটে নিকো উইলিয়ামস স্পেনকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান কোডি হাকপো। ২৮তম মিনিটে হেড মিস হওয়ার পর ডান পায়ের শটে গোল পোস্ট খুঁজে নেন এই লিভারপুল ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতে টিয়ানি রেইন্ডার্সের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যায়। শেষ দিকে বদলি নেমে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরান মিকেল মেরিনো।
এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইল ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।
আগামী রোববার ফিরতি লেগ হবে স্পেনের ভালেন্সিয়ায়।