স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২১ এপ্রিল , ২০২৫
নারী বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে চমৎকার পারফরম্যান্স উপহার দেওয়ার স্বীকৃতি পেয়েছেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশে টিকিট পেয়েছে তারা।
পাশাপাশি বল হাতে আলো ছড়ানো রাবেয়া খান আছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
পাকিস্তানের লাহোরে ১০ দিন ধরে চলা বাছাইপর্বে বাংলাদেশের তিন জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তারা।
রোববার (২০ এপ্রিল) সেরা একাদশ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। যেখানে সর্বোচ্চ ৪ জন রাখা হয়েছে পাকিস্তান থেকে। ৩ জন আছেন ওয়েস্ট ইন্ডিজের এবং ২ জন স্কটল্যান্ডের।
বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট হলেও শ্রেয়তর রান রেটে এগিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে বাংলাদেশ।
বাছাইপর্বে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার শারমিন তিন ফিফটিতে করেছেন ২৬৬ রান। তার চেয়ে বেশি রান করেছেন শুধু স্কটল্যান্ডের ব্রাইস, ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৯৩। ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৪১ রান করে ব্যাটারদের মধ্যে তিনে বাংলাদেশের নিগার। গ্লাভস হাতে ২টি ক্যাচ ও ৩টি স্টাম্পিং করা নিগার সেরা একাদশের উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন।
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশ
হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনীবা আলী (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেট কিপার), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাস্রা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)। দ্বাদশ খেলোয়াড় : রাবেয়া খান (বাংলাদেশ)।