Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

গণঅবসরের হুমকি সাবিনাদের

ক্রীড়া ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
গণঅবসরের হুমকি সাবিনাদের

কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে বসেছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। তার অধীনে অনুশীলনে অংশ না নিয়ে বরং গণঅবসর করবেন বলে হুমকি দিয়েছেন সাবিনারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক যোগে ফুটবলাররা বাফুফে ভবনের নিচে এসে বাটলারের সঙ্গে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। তিন পাতার এক বিবৃতিও দিয়েছেন গণমাধ্যমের হাতে।

সেখানে তুলে ধরেছেন কোচের সঙ্গে তাদের নানা অসংগতি। এতে সই করেছেন অধিনায়ক সাবিনা, মনিকা, শামসুন্নাহার, সানজিদা, ঋতুপর্ণাসহ ১৭ ফুটবলার।

বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা আশা করছি, বাফুফের মাননীয় সভাপতি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আশু সমাধানের ব্যবস্থা নেবেন। এর আগ পর্যন্ত আমরা পিটারের অধীনে কোনও ট্রেনিং ক্যাম্পে অংশ নেব না।’’

বাটলারকে নিয়ে বাফুফে সিদ্ধান্ত বদল না করলে গণঅবসরের কথাও লেখা হয়েছে বিবৃতিতে।

ফুটবলাররা লিখেছেন, “যেহেতু গত অক্টোবরের পর কোনও ফুটবলারের সঙ্গে বাফুফে কোনও চুক্তি নবায়ন করেনি, তাই আইনত বাফুফে আমাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না।

“তারপরও যদি সে রকম কিছু করার সিদ্ধান্ত হয় এবং পিটার বাটলারকেই রেখে দেওয়ার সিদ্ধান্তে বাফুফে অনড় থাকে, তবে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হব। ভেবে নেব, দেশের নারী ফুটবলে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।’’

সংশ্লিষ্টরা বলছেন, বল এখন বাফুফের কোর্টে। তারা পিটার বাটলারকে রেখে দেবে নাকি জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের চাওয়া মেনে নেবে সেটাই দেখার বিষয়।

জাতীয় নারী দলের ফুটবলাররা এমন সময় অনুশীলন বয়কট করলেন যখন আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুটো ম্যাচ খেলতে যাওয়ার কথা তাদের।

সেখানে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর ২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা।

মেয়েদের সঙ্গে বাটলারের দূরত্ব শুরু হয় সাফ ফুটবল থেকে। অক্টোবরে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মারিয়া, মাসুরা, কৃষ্ণার মতো সিনিয়রদের বাদ দিয়ে একাদশ সাজিয়েছিলেন এই কোচ।

পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচ হারতে হারতেই কোনোরকমে ড্র করে বাংলাদেশ। অনাকাঙ্ক্ষিত ড্রয়ের পরই মনিকা চাকমা প্রকাশ্যে আনেন বাটলারের সিনিয়র ফুটবলারদের অপছন্দের কথা। এরপর ফুটবলারদের চ্যালেঞ্জের মুখে ভারতের ম্যাচে কোচ সিনিয়রদের নিয়েই একাদশ সাজাতে বাধ্য হয়েছিলেন এবং দারুণ জয়ে তার ফল মেলে।

ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় সাবিনা-ঋতুপর্ণারা। নৈতিকভাবে এই বিজয়িনীদের কাছে হার মানতে হয়েছিল বাটলারকে।

এরপরও বাফুফে নতুন করে এই ব্রিটিশ কোচকে নিয়োগ দেয় দুই বছরের জন্য। এখানেই মেয়েদের আপত্তি। কিন্তু বাফুফের দাবি হচ্ছে, তারা বাটলারকে দিয়েই চালাবে মেয়েদের ফুটবল। এজন্য এক বাফুফে কর্তাকে দিয়ে মেয়েদের বেশ হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo