প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ মার্চ , ২০২৫
অবশেষে সুখবর পেলেন সাকিব আল হাসান। তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। এখন থেকে যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে সাকিবের আর বাধা নেই।
এর আগে বার্মিংহামের অনতিদূরের এই লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। চেন্নাইয়ের পরের পরীক্ষায়ও সুসংবাদ পাননি তিনি।
গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়।
সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তার সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন বুধবার। তার বোলিং অ্যাকশন এখন বৈধ।
পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। এক-দুটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধর্তব্যের মধ্যে আনেননি লাফবোরোর বিশেষজ্ঞরা।