প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৬ এপ্রিল , ২০২৫
উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে সোমবার (৭ এপ্রিল) রাতের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
সিঙ্গাপুরে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাউরিস চু’কে দেখাবেন তামিম ইকবাল। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী পরামর্শ দিয়েছিলেন তামিমকে ইংল্যান্ডে নিয়ে চিকিৎসা করাতে। তামিমের ভিসা থাকলেও পরিবার ও তার বন্ধুদের ইংল্যান্ডের ভিসা নেই। তাই সিঙ্গাপুরকে বেছে নিয়েছে তার পরিবার।
গত ২৪ মার্চ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহামেডানের ওপেনার তামিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে পরীক্ষা শেষে জানা যায়, হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। সে দিনই হার্টে রিং পরানো হয় তাকে।
দুই দিন পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে দুই দিন ভর্তি থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফেরেন তামিম ইকবাল।