স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১০ জুলাই , ২০২৫
হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলে প্রবাসীদের জোয়ার এসেছে। সেই ধারাবাহিকতায় এবার ব্যাডমিন্টনে এলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাটলার আয়মান ইবনে জামান।
পাকিস্তানে হতে যাওয়া দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসে বাংলাদেশকে ব্যাডমিন্টনে প্রথম স্বর্ণপদক এনে দেওয়া তার লক্ষ্য।
বুধবার (৯ জুলাই) শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে আয়মান বলেন, “এসএ গেমসে স্বর্ণ না জেতার আক্ষেপ রয়েছে ব্যাডমিন্টনে। সেই আক্ষেপ ঘোচাতে চেষ্টা করব আমি। সেজন্যই এসেছি।”
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে সোমবার (১০ জুলাই)। সেখান থেকে শুরু করতে চান এই শাটলার; বলেন-“জাতীয় চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু করতে চাই আমি। এর আগে ২০১৪ ও ২০১৬ সালে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও লক্ষ্য একই।”
আয়মান বলেন, “এরপর থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দুটি আন্তর্জাতিক আসর রয়েছে। ডিসেম্বরে ইউনেক্স-সানরাইজের আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে। এই তিনটি আসরেই ভালো ফল করে নিজেকে প্রস্তুত করতে চাই, যাতে এসএ গেমসে স্বর্ণ জিতে দেশকে সম্মানিত করতে পারি।”