ক্রীড়া ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৩০ জুলাই , ২০২৫
প্রায় চার দশক পর আবারও এক গৌরবগাঁথা ইতিহাস রচিত হলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে—ইংলিশ চ্যানেল জয় করলেন দুই বাংলাদেশি সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এই দুঃসাহসিক অভিযানে তারা যুক্ত হলেন দেশের ইতিহাসে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া চতুর্থ ও পঞ্চম সাঁতারু হিসেবে।
বাংলাদেশ থেকে প্রথম ইংলিশ চ্যানেল জয় করেছিলেন কিংবদন্তি ব্রজেন দাস, যিনি ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে ছয়বার সাঁতার কেটে পার হয়েছিলেন এই চ্যানেল। এরপর ১৯৬৫ সালে দ্বিতীয়বারের মতো এই চ্যানেল জয় করেন আব্দুল মালেক এবং সর্বশেষ ১৯৮৭ সালে মোশাররফ খান এই কীর্তি অর্জন করেন। দীর্ঘ ৩৮ বছরের সেই শূন্যতা এবার ভাঙলেন সাগর ও হিমেল।
মঙ্গলবার (বাংলাদেশ সময় ২৯ জুলাই, সকাল সাড়ে ৮টা, ইংল্যান্ড সময় রাত আড়াইটা) সাগর ও হিমেল ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারা অংশ নেন একটি ছয় সদস্যের রিলে সাঁতার দলে, যেখানে বাংলাদেশ ছাড়াও ভারত ও মেক্সিকোর সাঁতারুরা ছিলেন।
অলিম্পিয়ান সাঁতারু মাহফিজুর রহমান সাগর জানান, “দলে আমি ও হিমেল বাংলাদেশ থেকে অংশ নিয়েছি। আমি প্রথম সাগরে নামি। প্রত্যেকে নির্ধারিত সময় সাঁতরে পথ অতিক্রম করে। সব মিলিয়ে আমাদের ১২ ঘণ্টা ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লেগেছে।”
যদিও এখনও চূড়ান্ত স্বীকৃতি মেলেনি, তবে সাগর বলেন, “ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক সনদ সাধারণত নভেম্বর নাগাদ প্রদান করে। তবে ওয়েবসাইটে নাম প্রকাশ হয় দ্রুতই।”
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বিশ্বের সবচেয়ে দুঃসাহসিক জলপথগুলোর একটি হিসেবে বিবেচিত। ঠান্ডা স্রোত, জেলিফিশ, জোয়ার-ভাটার চ্যালেঞ্জ—সব মিলিয়ে এটি পাড়ি দেওয়া এক বিশাল অর্জন। এ অর্জনের মাধ্যমে বাংলাদেশের সাঁতার ইতিহাসে নতুন মাত্রা যোগ করলেন সাগর ও হিমেল।